-- বিজ্ঞাপন ---

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী ইতালি, প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সম্ভাবনা

ইতালি বাংলাদেশ থেকে আরও মানুষ নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি। সোমবার তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

সোমবার বিকেলে স্টেট গেস্ট হাউজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার রোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী সেপ্টেম্বরের আগে বাংলাদেশ সফরে আসতে পারেন। তিনি বলেন, “আমরা ঢাকা ও রোমের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নবায়ন ও পুনরুজ্জীবিত করতে চাই।”

তিনি বলেন, “আমাদের দেশে একটি বড় ও দৃঢ় বাংলাদেশি কমিউনিটি রয়েছে। তারা তরুণ, পরিশ্রমী এবং ইতালির সমাজে সফলভাবে একীভূত হয়েছে—এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা আরও বাংলাদেশি চাই।”

তিনি আরও বলেন, “আমি এখানে এসেছি আপনাদের জানাতে যে, অনেক বাংলাদেশি অবৈধ পথে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চাই তারা যেন বৈধ পদ্ধতি অনুসরণ করে আসে।”

তিনি জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের অনিয়ন্ত্রিত আগমন ইতালির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। “আমরা একটি নতুন ধরনের সহযোগিতা নীতির প্রস্তাব নিয়ে এসেছি,” বলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশও অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, “ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা স্বাগতিক দেশের প্রতি কৃতজ্ঞ এবং যেভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়, তা তারা অত্যন্ত প্রশংসা করে।”

অধ্যাপক ইউনুস বলেন, কিছু আন্তর্জাতিক চক্র বাংলাদেশিদের অবৈধ পথে ইতালিতে যাওয়ার জন্য প্রলুব্ধ করে। “এই ধরনের লোকজনই সমস্যার সৃষ্টি করে।”
তিনি বলেন, “মানবপাচারের ভুক্তভোগী হচ্ছে অভিবাসীরা, তারা কোনোভাবেই এর উপকারভোগী নয়।”

প্রধান উপদেষ্টা স্মরণ করেন, গত বছরের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ও ইতালি ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে এসব সমস্যার মোকাবিলায়।